ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চালকল থেকে মো. সানোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মে) সকালে উপজেলার সোনারামপুর এলাকার খান এগ্রো ফুড নামে একটি চালকল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি চালকলের শ্রমিক ছিলেন। সানোয়ার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তার পরনের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চালকলটির স্বত্বাধিকারী আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সকালে চালকলের ভেতরে সানোয়ারের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরনের প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া চিরকুটে দেখে বোঝা যায় পারিবারিক সমস্যার কারণে সে আত্মহত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রাসেল আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম