জার্মান পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের লেখা ই ইক্যুয়াল টু এমসি স্কয়ার (E=mc²) সমীকরণসহ একটি চিঠি নিলামে ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক সংস্থা আর আর অকশন নিলামে তোলে চিঠিটি। পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদউইক সিলবারস্টাইনকে লেখা চিঠিটি কিনে নেন অজ্ঞাত একজন নথি সংগ্রাহক।
পদার্থবিদ্যা পড়েননি এমন মানুষও কখনো না কখনো শুনেছেন E=mc² সমীকরণটি। বিশ্বজুড়ে এতটাই আলোচিত জার্মান পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের উদ্ভাবিত এই সূত্রটি।
সম্প্রতি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদউইক সিলবারস্টাইনকে আইনস্টাইনের লেখা একটি চিঠি প্রকাশ্যে আসে। চিঠিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc² সমীকরণটি পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আর আর অকশন চিঠিটি নিলামে তোলে। আয়োজকদের ধারণা ছিল ৪ লাখ ডলারে বিক্রি হতে পারে চিঠিটি। কিন্তু বিক্রি হয়েছে ১২ লাখ ডলার বা ১০ কোটি টাকারও বেশি দামে।
জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার চিঠিতে তারিখ দেয়া আছে ২৬শে অক্টোবর, ১৯৪৬। আইনস্টাইনের তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন লুদউইক সিলবারস্টাইন। চিঠিতে আইনস্টাইন বলেন, E=mc² সূত্রতেই রয়েছে সিলবারস্টাইনের সব প্রশ্নের উত্তর।
চিঠিটি সিলবারস্টাইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বিক্রি করে দেন। এর আগে মাত্র তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc² সমীকরণের অস্তিত্ব পাওয়া যায়।
বার্তাবাজার/ই.এইচ.এম