বিএসএফের আপত্তি: বন্ধ হলো সীমান্তের ‘সম্প্রীতির বন্ধন’ মসজিদের নির্মাণ

বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রাম জেলার বাঁশজানি-ঝাকুয়াটারী মসজিদটি দু’দেশের মানুষের ২০০ বছরের সম্প্রীতির বন্ধন হিসেবে পরিচিত। মসজিদের পাকা ভবনের নির্মাণ কাজে আইনগত বিধিনিষেধের অযুহাত দেখিয়ে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত আইনে নো ম্যান্স ল্যান্ডে কোনো স্থাপনা নির্মাণে বিধি নিষেধকে সামনে এনে তারা এই আপত্তি জানায়।

জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি ও ভারতের কুচবিহার জেলার ঝাকুয়াটারি গ্রামের সীমান্তে মসজিদটির অবস্থান। সীমান্তের ৯৭৮ নং পিলারের ৯এস সাব পিলারের মাধ্যমে গ্রাম দু’টি বিভাজিত। পিলারটির দক্ষিণে ২০ মিটার দূরে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত মসজদটিতে যুগের পর যুগ ধরে কোনো বাধা ছাড়াই নামাজ আদায় করে আসছে এপার-ওপারের দুই গ্রামের মানুষজন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতেই মসজিদের পাকা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল।

দু’দেশের মানুষদের সহায়তায় ১৫ শতক জমিতে ১৮২০ সালে নির্মিত মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেশভাগের পর মসজিদটি দুই গ্রামের মানুষদের মাঝে সৃষ্ট সমাজকে আলাদা করতে দেয়নি।

মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক জানান, এই মসজিদে ৪৪ বছর ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে দুই গ্রামের মানুষ বাঁধা-বিঘ্ন ছাড়াই এখানে এসে নামাজ আদায় করছেন। কোনো পক্ষ থেকে কোনোদিন বাধা দেওয়া হয়নি।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো টিনের চৌচালা মসজিদ ঘরটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। সংস্কার করার মতো অবস্থা নেই। তাই মসজিদটির সামনের অংশে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছিল।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভবন নির্মাণ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের বিষয়টি প্রক্রিয়াধীন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর