ঘূর্ণিঝড় যশের প্রভাব শুরু: বন্দরগুলোতে সতর্কতা সংকেত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ক্রমশ ঘনীভূত হয়ে নিম্ন ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে রুপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দুরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার (২২ মে) এই নির্দেশনা দিয়ে আবহাওয়া অধিসপ্তর জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। বর্তমানে লঘুচাপটির বায়ুর গতিবেগ ঘণ্টায় ৩০-৩৫ কিমি, সর্বোচ্চ বায়ুর ঝাপটা ঘণ্টায় ৪৫-৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর প্রভাবে সমুদ্র এলাকায় ইতোমধ্যেই প্রচুর মেঘের সঞ্চার হয়েছে। আগামী ৭-৮ ঘন্টার মধ্যেই লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপেও পরিণত হতে পারে। ১৬-২০ ঘন্টার মধ্যে যা পরিণত হতে পারে নিম্নচাপে।

এদিকে ঘূর্ণিঝড় যশ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে শনিবারই বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন,‍ করোনা সংক্রমণের মধ্যে ঘূর্ণিঝড় ‘যশ’ এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় এবারও স্বাস্থ্যবিধি মেনে তিনগুণ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে । সেই সঙ্গে মৃত্যু শূন্যের কোটায় রাখতে শতভাগ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রচেষ্টা থাকছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর