গণতান্ত্রিক আন্দোলনের জন্য বৃহত্তর জোট গঠন করতে কাজের অগ্রগতি পর্যালোচনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২২ মে) বিকালে দলের স্থায়ি কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এই সভায় চলামান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে দলের চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেফতার, গণমাধ্যমের ওপর ‘সরকারের নির্যাতন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘দুর্নীতি’, চীন ও রাশিয়া থেকে করোনা টিকা পেতে দেরি, বাংলাদেশকে টিকা দিতে যুক্তরাষ্ট্রকে ‘সুপারিশে’র জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ-এ সব বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেন।
পাশাপাশি স্থায়ী কমিটির এই বৈঠকে গণতান্ত্রিক আন্দোলনে বৃহত্তর জোট গঠনের প্রকিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, স্থায়ী মিডিয়া সেল গঠন, আসন্ন ৪ সংসদীয় আসনের উপ-নির্বাচন নিয়েও আলোচনা হয় সভায়।
বার্তা বাজার/এসজে