নাস্তিক অপবাদ দিয়ে যুবকের ওপর হামলা!

সুনামগঞ্জের ধর্মপাশায় নাস্তিক অপবাদ দিয়ে জাহানুর আহমেদ মনির খান (২৫) নামের এক যুবকের ওপর হেফাজত সমর্থকদের হামলার ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (২১ মে) রাতে এমদাদুল হক, সুলতান রাজা ও রংপুর গ্রামের সালাম উদ্দিনের ছেলে সাইদুর রহমান রোমানসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

আটককৃতরা হলেন, একই ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত বৈশাখ আলীর ছেলে এমদাদুল হক (৪০) ও রহমতপুর গ্রামের রাজু আহমেদের ছেলে সুলতান রাজা (৩৪)।

জানা যায়, গত ২ মে একটি বেসরকারি চ্যানেলে হেফাজত নেতা মাও. মামুনুল হকে নিয়ে প্রচারিত সংবাদের একটি ভিডিও চিত্র ফেসবুকে শেয়ার করেছিলেন জাহানুর আহমেদ মনির খান। এরপর দিন তিনি ময়মনসিংহে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহসহ দু’জন গ্রেফতারের খবর একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন থেকে ফেসবুকে শেয়ার করেন। এই পোস্টে তিনি ক্যাপশন লিখেন ‘তাহলে আরও দু’ জন গ্রেফতার। শেখ হাসিনার বাংলায় উগ্রবাদীদের ঠাঁই নাই।

এ নিয়ে একই ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত বৈশাখ আলীর ছেলে হেফাজত সমর্থক এমদাদুল হক তাকে মুঠোফোনে মারধরের হুমকি দেয় (অডিও রেকর্ড ভুক্তভোগীর কাছে সংরক্ষিত রয়েছে)। এছাড়াও জাহানুরকে নাস্তিক অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট করতে থাকে হেফাজত সমর্থকেরা। যে কারণে ভয়ে তিনি ঈদে বাড়িতে আসেননি। কিন্তু গতকাল শুক্রবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থাকায় বাড়িতে আসেন জাহানুর। ওই দিন বিকেলে তিনি তার বন্ধুকে নিয়ে রাজাপুর বাজারে গেলে এমদাদুল হক, সুলতান রাজা, সাইদুর রহমান রোমান দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে জাহানুর মারাত্মকভাবে আহত হয়। পরে একই দিন রাতে থানায় মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘জাহানুর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এমদাদুল ও সুলতানকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা হাসপাতালে ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়ার পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর