করোনার দ্বিতীয় দফা প্রকোপ সামালের জন্য সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে এই লকডাউন বাড়ছে কি না এ বিষয়ে শনিবার (২২ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, ঈদপরবর্তী এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু বিবেচনায় নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দেবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছি।
তিনি বলেন, বিধিনিষেধ বাড়বে কি না- এ রকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে।
করোনার সংক্রমণের উর্ধ্বগতি ও নিম্নমূখীতার ব্যাপারে তিনি আরও বলেন, সবকিছু আমাদের পর্যালোচনায় আছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কী করলে ভালো হবে। আমরা তো আগেই বলেছি ঈদের পরে করোনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে। সেটা নিয়ে আমরা শঙ্কিত এখনো। আমরা অনেক দিন ধরে বিধিনিষেধ চালিয়ে আসছি। সবকিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
প্রসঙ্গত, করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে জারি করা হয় কঠোর লকডাউন। ৪ দফায় বাড়তে বাড়তে এটা ২৩ মে পর্যন্ত দাঁড়িয়েছে।
বার্তা বাজার/এসজে