অপমানের চুড়ান্ত করেও সেতুমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ছোট ভাই

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে তার ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার কিছু বিস্ফোরক মন্তব্য গণমাধ্যমসহ সারাদেশেই বেশ আলোচনার জন্ম দেয়। এবার ‘শরম নাই বলা’ বড় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছেন আব্দুল কাদের মির্জা।

শনিবার (২২ মে) বিকাল পৌনে চারটার দিকে মানিক মিয়া এভিনিউয়ে সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করতে যান তিনি।

এ বিষয়ে বিতর্কিত ও কোম্পানীগঞ্জে সমালোচিত আব্দুল কাদের মির্জা জানান, মন্ত্রী মহোদয়ের (ওবায়দুল কাদের) সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ গত ৩০ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কাদের মির্জা। এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দুই ভাইয়ের দেখা হয়েছিল।

প্রসঙ্গত, মেয়র পদে নির্বাচিত হওয়ার আগ থেকেই সেতুমন্ত্রীসহ দেশের আওয়ামী লীগের গুরুত্বপুর্ণ নেতাদের নিয়ে বেশ উদ্ভট মন্তব্য করে আলোচনার জন্ম দেন এই কাদের মির্জা।

সেতুমন্ত্রীকে শরম নেই বলে বক্তব্য দেওয়ার পর প্রকাশ্যেই তিনি বলেন সেতুমন্ত্রীর স্ত্রীকে তাকে (কাদের মির্জা) মারার জন্য কোটি টাকা দিয়েছে। কাদের মির্জার এসব বিতর্কিত বক্তব্যের জেরে উত্তপ্ত হতে থাকে কোম্পানীগঞ্জের রাজনীতি।

এক পর্যায়ে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বার্তা বাজারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। এরপরেও ঘটেছে সংঘর্ষ ও প্রাণহানী। তবুও থেমে থাকেনি কাদের মির্জার উত্তপ্ত বক্তব্য।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর