খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিনেওপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্রে পাওয়া তথ্যমতে, তিনি হাসপাতালের বেড থেকে সাহায্য নিয়ে পায়ে হেটে ওয়াশরুম পর্যন্ত যেতে পারছেন।

তার চিকিৎসায় গঠিত বোর্ডের এক সদস্য জানান, শনিবার (২২ মে) খালেকা জিয়ার রিপোর্টগুলো রিভিউ করা হয়েছে। আগের চেয়ে তার অবস্থা অনেকটা ভালো। প্রতিদিনই তিনি একটু একটু করে সুস্থ হচ্ছেন। রাতে আবারও সিটিস্ক্যান করা হবে তার। সেটা রিভিউ করা হবে রোববার।

তিনি জানান, ফুসফুসের পানি বের করতে চারদিন আগে বাম পাশের পাইপটি খোলা হয়েছে। যদি সম্পূর্ন পানি কমে আসে তাহলে ডান পাশের পাইপটি সরিয়ে ফেলা হবে। বেগম জিয়ার অবস্থার উন্নতি হওয়ায় বেশ কয়েকটি এন্টিবায়োটিক ওষুধ বন্ধ করা হয়েছে।

তবে অবস্থার উন্নতি হলেও বেগম জিয়ার স্বাস্থ্য ঝুঁকি কমেনি জানিয়ে তিনি বলেন, এখনো ফুঁসফুসে পানি আসে। হার্ট এবং কিডনি সমস্যা রয়েছে। যখন সিসিইউ থেকে কেবিনে নেয়া হবে তখনই বলা যাবে বেগম জিয়া ঝুঁকিমুক্ত।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর ২৭ মে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার শ্বাসকষ্ট বাড়লে নেওয়া হয় সিসিইউতে। এখনও হাসপাতালটির এই বিভাগেই তিনি চিকিৎসাধীন আছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর