কালিগঞ্জে যুবতী ধর্ষণের অভিযোগে মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছী গ্রামের ১৯ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল-আমিন ওরফে বাপ্পিকে (২৫) আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শেখ মোস্তাফিজুর রহমানের ছেলে।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে ওই যুবতী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার এক অসুস্থ্য আত্মীয়কে দেখতে যায়। বিকেলে হাসপাতাল থেকে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যুবতীর বাড়ি ফিরতে সন্ধ্যা হওয়ায় তিনি কালিগঞ্জ টার্মিনালে নেমে তার পরিচিত ভাই শামীম হোসেনকে ফোন দেয়।
ওই সময়ে শামীমের ফোন বন্ধ থাকায় তিনি (যুবতী) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামস্থ শামীমের বাড়িতে যায়। সেখানে কাউকে না পেয়ে উপজেলা সদরের দিকে ফিরে আসছিলেন। পথিমথ্যে নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে স্থানীয় কিছু জনতা যুবতীকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ওই সময়ে যুবতী ঘটনার বিবরণ দিলে উপস্থিত লোকজনের মধ্যে থেকে অভিযুক্ত বাপ্পি তাকে মোটরসাইকেল যোগে বাড়িতে আগাইয়া দিবে বলে নিয়ে যায়। রাত সাড়ে ৮ টার দিকে অভিযুক্ত বাপ্পি ওই যুবতীর বাড়িতে আগাইয়ে না দিয়ে বাপ্পির বাড়িতে নিয়ে যায়।
এরপর শয়নকক্ষের মধ্যে নিয়ে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময়ে তার (যুবতী) চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বাপ্পি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই যুবতী কালিগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শনিবার (২২ মে) সকাল ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার নাজিমগঞ্জ এলাকা থেকে আসামি বাপ্পিকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বার্তাবাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় আসামি বাপ্পিকে শনিবার বেলা ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস