আলফাডাঙ্গায় মারামারি করার অপরাধে জরিমানা চার যুবকের
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে মারামারি (কাইজে) করার ঘটনায় চার যুবককে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিদ মোশাররফ রঞ্জুর মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটে আসছে। এর জের ধরে গত শুক্রবার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িহাট বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের পক্ষের জাফর সরদার ও আরব আলী সরদার আহত হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে খালিদ মোশাররফ রঞ্জুর পক্ষের ধুলজুড়ি গ্রামের জাফর শেখের ছেলে তৈয়ব শেখ (৩৫), মোকাদ্দেস শেখের ছেলে আমিনুর শেখ(৩০), আলেক শেখের দুই ছেলে আব্দুল্লাহ (৩০) ও ওবায়দুল্লাকে(৩১) আটক করে। পরে আটককৃতদের উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে হাজির করলে এলাকায় আইন শৃঙ্খলা অবনতির কাজে জড়িত থাকায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৭ ধারায় আটককৃত চার যুবককে ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এরমধ্যে তৈয়ব শেখ ও আমিনুর শেখকে ১০ হাজার করে এবং আব্দুল্লাহ ও ওবায়দুল্লাহকে এক হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুর ইসলাম জরিমানার বিষয়টি বার্তাবাজারকে নিশ্চিত করে বলেন, ‘এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অপররাধে প্রত্যেককে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে দুইপক্ষের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস