ঋণের চাপে শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

করোনা মহামারীতে দীর্ঘদিন ধরে বাস বন্ধ থাকায় জীবন বাঁচানোর তাগিদে সুদের উপর ঋণ নিয়েছিলেন বাস পরিবহন শ্রমিক সমেস উদ্দিন (৩৫)। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারের চাপে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই শ্রমিক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। শুক্রবার রাত ৮টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঘমারা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবহন শ্রমিক সমেস উদ্দিন (৩৫) উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঘমারা গ্রামের সোনাউল্লাহর ছেলে।

ওই পরিবহন শ্রমিকের স্ত্রী রোজিনা খাতুন (২৮) জানান, বিগত ১৫ বছর থেকে তার স্বামী বাস শ্রমিকের কাজ করে আসছেন। করোনাকালীন সময়ে কয়েক মাস ধরে বাস চলাচল বন্ধ থাকায় বাঁচার তাগিদে পদ্মারচর গ্রামের আলী আকবরের ছেলে মোকছেদুলের (৩২) কাছে ৬০ হাজার, বাদশা মিয়ার ছেলে মঞ্জু মিয়ার (২২) কাছে ৩০ হাজার ও জালাল নামের এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা সুদে ঋণ নেন। বুধবার সকালে পাওনাদার ওই ব্যক্তিরা বাড়ীতে এসে শুক্রবারের মধ্যে উক্ত টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ে টাকা জোগাড় করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই শ্রমিক। এনিয়ে শুক্রবার রাতে সবার অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে গুংরানোর শব্দ শুনে তাকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, অতি মাত্রায় বিষপান করায় ওই রোগী শংঙ্কা মুক্ত নন। ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

রৌমারী উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ছক্কু বলেন, সমেস উদ্দিন বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। তিনি পরিবহনে পরিচ্ছন্ন কর্মী হিসাবে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘ দিন থেকে বাস না চলায় তার রোজগার বন্ধ হয়ে যায়। শুনেছি, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই শ্রমিক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। এটা দুঃখজনক ঘটনা।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর