চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাছ চাষে মনোযোগী হওয়ারও পরামর্শ দেন তিনি।

শনিবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে মৎস্য উৎপাদনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হোন। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে। কাজেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে।

সরকারপ্রধান বলেন, যেকোনো ছেলেমেয়ে লেখাপড়া শিখে শুধু চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মৎস্য খামার থেকে মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে পয়সা পেতে পারে।

শেখ হাসিনা বলেন, মৎস্যজীবী আমাদের এই প্রতিষ্ঠানকে বলব, আপনাদের নিজেদেরও সংগঠনকে আরো সুসংগঠিত করা এবং আমাদের যুবসমাজ যাতে আরো এগিয়ে আসে মৎস্য উৎপাদনে মনোযোগী হয়। সেদিকে একটু দৃষ্টি দিতে হবে।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দীন ফরাজী, এ বি এম রিয়াজুল কবির কাওছার এবং মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর। সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ আজগর।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর