বাগেরহাট জেলা প্রশাসকের বদলী পুনঃবিবেচনার দাবী মোংলাবাসীর
বাগেরহাটবাসীর জনবান্ধব ও চৌকস জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের মাত্র সাড়ে ৪ মাসের মাথায় বদলি আদেশ পুনঃবিবেচনার দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের চৌধুরীর মোড়ে নাগরিক সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলা অন্যান্য ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষও অংশ গ্রহন করেন।
অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।
এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা শিক্ষক জেম্স শরৎ কর্মকার, মোংলা সরকারী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সহ-সাধারন সম্পাদক সময়ের খবর ও সময় টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলীম, সুশাসনের জন্য নাগরিক সুজন’র নারী নেত্রী কমলা সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা মোঃ নাজমুল হক, গীতিকার ও সুরকার মোল্লা আল মামুন, চিলা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হুমায়ুন কবির, শিল্পী আব্দুল জব্বার, মোঃ রিপন হোসেন, শিল্পী জীবনানন্দ অধিকারী, শ্রীবাস বাউল, প্রদীপ অধিকারীসহ আরো অনেকে এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারির ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থেকে দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। তিনি এ জেলায় যোগদান করার পর থেকেই খুব অল্প সময়ই এ অঞ্চলের গরিব ও অসহায়দের বর্তমান সরকারের প্রতিনিধি হিসেবে প্রিয় মানুষ হয়েছে পরিচিতি লাভ করেছেন তিনি বলে বক্তারা তাদের বক্তব্যে এ কথা তুলে ধরেন।
এছাড়াও গত সাড়ে ৪ মাসে তিনি বহুবিধ জনহিতকর কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছেন। তিনি সব সময় গরিব ও অসহায় মানুষদের জীবনের কথা চিন্তা করতেন।
কিন্ত এই সল্প সময়ের মধ্যে তার বদলির আদেশের কারনে বাগেরহাটবাসী জনবান্ধব ও চৌকস একজন ব্যতিক্রমী মানুষের সেবা থেকে বঞ্চিত হবার আশংকা করছে বাগেরহাটসহ এ অঞ্চলের সাধারন মানুষ। তার বদলিজনিত কারনে এই মুহুর্তে করোনা মোকাবেলা ও উপকূলের দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সমন্বয়হীনতা দেখা দিতে পারে।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ’র মাধ্যমে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক’র বদলির আদেশ প্রত্যাহার করে বাগেরহাটে তাকে জেলা প্রশাসক হিসেবে বহাল রাখার দাবী জানান।
কামরুজ্জামান জসিম/বার্তাবাজার/ই.এইচ.এম