সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২২ মে) সকাল ১১ টায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাহারাম নদীর উত্তরে বনুয়ার টুপ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম(২৭)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোন এক সময়ে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন মাহারাম নদীর উত্তরে বনুয়ারটুপ হাওরে দূর্বৃত্তরা জাহাঙ্গীর আলমকে গলা কেটে লাশ ফেলে রেখে যায়।
সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠায়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
এইচ এম আবির/বার্তাবাজার/ই.এইচ.এম