যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকার সংকট মেটাতে এবার যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (২২ মে) যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, দ্বিতীয় ডোজের জন্য অ্যাস্ট্রাজেনেকার মাত্র ১৬ লাখ টিকা প্রয়োজন। যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে আমাদের এ টিকা দিয়ে সহায়তা করতে পারে। আমরা মনে করি, তাদের সেই সামর্থ্য আছে।

দ্বিতীয় ডোজের ঘাটতি মেটাতে বাংলাদেশ ইতোমধ্যেই ভারত, কানাডা, যুক্তরাষ্ট্রের কাছেও জরুরিভাবে ১৬ লাখ টিকা চেয়েছে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু টিকা দিতে রাজি হয়েছে।

ভারতে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ কারণে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর