সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম ও ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়ালকে আটক করেছে বনবিভাগ।
শুক্রবার রাতে সুন্দরবনের কলাগাছিয়া অফিসের অধীনে বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরা গ্রামের মৃত নুরমান মোড়লের ছেলে সত্তার মোড়ল (৪৫), মৃত হাজের বদ্ধির ছেলে কুবাত আলী (৫০), মৃত এলাহী বক্স মালীর ছেলে শাহাদাত (৫০), মৃত সফদুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), মৃত ফুলচাদ গাজীর ছেলে ইয়াসিন গাজী (৪৫) ও মজিদ গাজী (৫০) এছাড়া পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বার্তা বাজারকে জানান, বৃহস্পতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু কাটার পাশ নিয়ে গাবুরা ইউনিয়নের সোরা এলাকার আব্দুল হাকিম শেখের নেতৃত্বে ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে জানতে পারি পাশকৃত ওই মৌয়ালরা বেশ কিছু বস্তা চিনি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে। তাৎক্ষণিক আমরা অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে-নাতে আটক করতে সক্ষম হই।
ওই সময়ে তাদের কাছ থেকে ১৫ বস্তা চিনি, ৩৫ পিস ড্রাম, ৯ টি দাঁড়, ৪ টি বৈঠা, ২ টি দা, ১ টি কুড়াল, ১ টি মোবাইল, ১টি বল্ব ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে আটককৃতরা বার্তা বাজারকে জানান, গাবুরা ইউনিয়নের কিন্তু শেখের ছেলে হাকিম শেখ ও জিয়াদ মোড়লের ছেলে মোহাম্মদ মোড়লের প্রতিনিধি হিসেবে তারা ভেজাল মধু তৈরির প্রস্তুতি নিয়ে সুন্দরবনে গিয়েছিলো।
শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম