অসুস্থ রিজভীকে দেখতে গেলেন ফখরুল

করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রিজভীর শ্যামলীর বাসায় গিয়ে মির্জা ফখরুল তার সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসায় কিছুক্ষণ ছিলেন। তিনি রিজভীর সঙ্গে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

করোনামুক্ত ও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৯ মে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন রিজভী। বাসায় ব্যক্তিগত চিকিসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

এর আগে রিজভীকে দেখতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর