শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে স্কোয়াড ঘোষণার পরপরই তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন ভক্ত-সমর্থকরা।
কেননা দীর্ঘদিন পর প্রাথমিক দলে জায়গা পেলেও ১৫ সদস্যের দলে ডাক পাননি ইমরুল কায়েস। এছাড়াও দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে ধারবাহিক পারফর্ম না করেও দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।
সৌম্য-মিঠুনের দলে জায়গা পাওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ প্রসঙ্গে তিনি বলেন, সৌম্য ও মিঠুন দুইজনের অনেক ট্যালেন্ট। হয়তো ধারাবাহিকভাবে তারা পারফর্ম করতে পারছে না, তবে মাঝেমধ্যে তারা পারফর্ম করছে। ওদের সুযোগ দিলে ক্ষতি কি।
তিনি আরও বলেন, ক্রিকেটে কে কখন পারফর্ম করে তা বলা যায় না। কেউ বলে রান করতে পারবে না। সৌম্য টেকনিকের দিক দিয়েই ভালো। সে যদি প্রস্তুতিতে ঠিক থাকে এবং টিম ম্যানেজমেন্ট যদি তার ওপর সন্তুষ্ট থাকে তাহলে তাকে আরও কিছু দিন সুযোগ দিতে চায় আমরা।
উল্লেখ্য, আগামীকাল ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।
বার্তাবাজার/নব