করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কা সফর থেকে আসার পর কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। দুইবার করোনা টেস্ট করালেও রিপোর্ট নেগেটিভ আসে। ঈদের ছুটির পর গত ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে মাঠে দেখা যায়নি।

কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত অসুস্থতা বোধ করছিলেন সুজন। এ কারণে টিম হোটেলেও যাননি তিনি। নমুনা পরীক্ষার পর শুক্রবার (২১ মে) রাতে তার করোনা পজিটিভ আসে।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল সুজনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

আকরাম খান বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় সে (সুজন) দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো।

উল্লেখ্য, আগামীকাল ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ও ম্যাচগুলো দুপুর ১টায় শুরু হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর