ইসরায়েল ও ফিলিস্তিনির যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ত্রাণের প্রথম চালান পৌঁছেছে। শুক্রবার যুদ্ধ বিরতিতে যাওয়ার পরেই হাজারো ফিলিস্তিনি আশ্রয় শিবির থেকে নিজ বাস ভবনে ফিরেছে বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকরের পর মিশর, গাজা ও ইসরাইলের সীমান্তের মধ্যকার সংযোগস্থল কেরাম শালোম খুলে দিয়েছে ইসরাইল। এই সীমান্ত দিয়েই জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের গাড়ি ঢুকছে গাজায়। এসব গাড়িতে রয়েছে খাবার, জ্বালানি, ঔষধ, সুপেয় পানি ইত্যাদি।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, ওই এলাকার এক লাখেরও অধিক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। সেখানকার প্রায় ৮ লাখ মানুষ রয়েছে খাদ্য সংকটে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, হাজারো আহত মানুষকে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে এই এলাকার স্বাস্থ্যব্যবস্থা ইতিমধ্যে ঝুঁকির মুখে পড়েছে। এই এলাকায় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাসরঞ্জাম দ্রুত ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। আহত এই ব্যক্তিদের চিকিৎসা দিতে করিডর সৃষ্টি করে তাদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।
বার্তাবাজার/ই.এইচ.এম