দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম।
আটককৃতরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জামেরিয়া পুটিহার গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে গোলাম রব্বানী জাহিদ (২০) এবং একই উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে ইসতিয়াক আহম্মেদ বিল্পব (২০)। অপর দুজন ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজিম হোসেন নাজমুল (২০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকশিচর গ্রামের মৃত নাদু শেখের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
মামলার বাদী ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক আবির দেবনাথ বলেন, শনিবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সারোয়ার জাহানের সহযোগীতায় হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের ডুগডুগি বাজার এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র সহ কয়েকজন যুবক আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আমরা তাদের পিছু নিয়ে ৪ জনকে আটক করি এবং তাদের কাছে থাকা একটি হিরো মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৩৬-০৪১৪), একটি বোল্ড কাটার এবং ৪টি চাকু সহ ডাকাতি কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম জব্দ করি। পরে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া তাদের আরো ৬ সঙ্গী সহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আসামীরা ডুগডুগিহাট বাজার এবং এর আশপাশের রাস্তার ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। তাদেরকে শনিবার (২২ মে) সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর ৬ আসামীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
লোটাস আহম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম