টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাহাত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভালাহাট উপজলার চরদরমপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
রেজাউল করিম জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের দুবাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এসময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত ব্যক্তির মাথা ও এক হাত আলাদা হয়ে গেছে। নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম