নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বেপরোয়াগতির ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁওয়ের নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন (৪০) ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে ফারুক হোসেন (৩৫) নামের আরেকজন মারা যায়। রোগীসহ আহত হন কমপক্ষে ৩ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কাঁচপুর হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই আরিফ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের কাঁচপুর কিউট পল্লী এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ সংক্রান্ত বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/ই.এইচ.এম