নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের নাগরিকদের এক মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। শুক্রবার (২১ মে) দেশটির আফগান সীমান্তের চমন নগরীতে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেন, চমনের মুর্গী বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম-নাজরয়াতি (জেইউআই) নামে একটি ধর্মীয় সংগঠন ওই মিছিলের আয়োজন করে। তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আসেন।
তিনি আরও জানান, জেইউআই নেতা আবদুল কাদির লুনি এবং ক্বারী মেহেরুল্লাহ অক্ষত রয়েছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
এ ব্যাপারে স্থানীয় পুলিশের প্রধান কর্মকর্তা জাফর খান বলেন, একটি ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। দলটির নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল। লোকজন মিছিল শেষে যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে।
বার্তা বাজার/এসজে