করোনা মহামারির কারণে গতবার বিদেশিদের হজে যাওয়ার সুযোগ না দিলেও, এবার কঠোর বিধি নিষেধের মধ্য দিয়ে বাইরের দেশের মুসলিমদের হজ পালন করতে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
সৌদি আরবের আল-ওয়াতান পত্রিকা বৃহস্পতিবার (২০ মে) এক খবরে এই তথ্য জানান। তবে এর বেশি কোনো তথ্য তারা দিতে পারেনি।
এর আগে গত ৯ মে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে। পরবর্তীতে এ নিয়ে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হবে।
তারও আগে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা হাশেম সাঈদ বলেন, চলতি বছরে হজে সব ধরনের বিকল্প উপায় নিয়ে ভাবছে সৌদি সরকার। বিদেশ থেকে প্রতীকী সংখ্যক হাজীকেও অনুমোদন দেওয়া হতে পারে।
উল্লেখ্য, মহামারি মোকাবিলায় গত বছরেরও আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব। তখনও সীমিত সংখ্যক সৌদি নাগরিক ও অধিবাসীদের হজ পালনের অনুমোদন দেওয়া হয়েছিল।
বার্তা বাজার/এসজে