মির্জা ফখরুলদের কি আন্দোলন করার শক্তি আছে: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব ও তার দলের আন্দোলন করার শক্তি-সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায়ই যে আন্দোলনের কথা বলেন; সেই আন্দোলন করার শক্তি ও সামর্থ্য তাদের আছে কি?
শুক্রবার (২১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরকারি বাসভবন থেকে অনলাইনে নিয়মিত ব্রিফিং করার সময় তিনি এই কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে? যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি তাদের মুখে আন্দোলন-সংগ্রামের কথা মানায় না।বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার।
সম্প্রতি মির্জা ফখরুলের ‘জনগণ সরকারের পাশে নেই’বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিকালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ই প্রমাণ করে এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সাথে আছে।
ওবায়দুল কাদের আরও বলেন, পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এদেশের জনগণ শেখ হাসিনা সরকারের সাথে আছে কি নেই। বিএনপির গলাবাজি করলেই সরকার জনবিচ্ছিন্ন হবে না। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। এদেশের ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধী দল একটিও নেই।
বার্তা বাজার/এসজে