রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
শুক্রবার ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন নিমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মৃত ওহাব হরকরার ছেলে মো. আজাদ হরকরা (৩৩) ও মো. জাকির হরকরার ছেলে মো. রানা হরকরা (২১)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। এ বিষয়ে শুক্রবার ভোররাতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী চক্র গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুর আগমন করছে। পরে একটি পিকআপে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করে। এসময় ওই পিকআপ থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা, মাদকদ্রব্য ক্রয়-বিক্রি কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন, ১ টি পিকআপ গাড়ী এবং মাদক বিক্রিত ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস