বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি তাদের মুখে আন্দোলন-সংগ্রামের কথা মানায় না।
বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে? বিএনপি মহাসচিবের কাছে এমন প্রশ্ন রেখে এ কথা বলেন সেতুমন্ত্রী।
শুক্রবার( ২১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
জনগণ সরকারের পাশে নেই, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিকালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ই প্রমাণ করে এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে।
তিনি বলেন, পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এদেশের জনগণ শেখ হাসিনা সরকারের সঙ্গে আছে কী নেই।
বিএনপি গলাবাজি করলেই সরকার জনবিচ্ছিন্ন হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এদেশের ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধীদল একটিও নেই।
গণমাধ্যমে যেন দুর্নীতি প্রকাশ না পায় সে জন্য নাকি গণমাধ্যমের উপর আঘাত এনেছে সরকার, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ নিয়ে সেতুমন্ত্রী বলেন, তাহলে বিএনপি আমলের সাংবাদিক শামসুর রহমান, মানিক সাহা, হুমায়ুন কবির বালুসহ বেশ কিছু সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল অনেককে নির্যাতন করা হয়েছিল। তাহলে কি বিএনপি তাদের দুর্নীতি ঢাকতেই এসব সাংবাদিকদের নৃশংসভাবে হত্যা ও নির্যাতন করেছিল?
আওয়ামী লীগ সরকারের কাছে জনগণ নেই এবং জনগণও সরকারের পাশে নেই, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে।
বার্তাবাজার/নব