নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দেশব্যাপী জুমআয় দোয়ার আহ্বান

দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনের নির্যাতিত হতাহত মুসলিমদের জন্য আজ শুক্রবার জুমআর নামাজের পর দেশব্যাপী সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ।

শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি ও মালিবাগ বায়তুল আজিম শহিদি জামে মসজিদের খতিব মাওলানা সাহেদ আহমদ সিদ্দিকী।

বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বর্বর বাহিনী প্রায়ই মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইহুদিরা মসজিদুল আকসাসহ পূর্ব জেরুজালেম অন্যায়ভাবে দখল করে নেয়।

অধ্যাবধি ইসরায়েলিরা আন্তর্জাতিক আইন না মেনে মুসলমানদের স্বাধীনভাবে মসজিদুল আকসায় ইবাদত করতে বাধা প্রদান করে আসছে। ‘বিশ্ব সন্ত্রাসী’ নামে খ্যাত ইসরায়েলিরা সরকারি সর্বশক্তি প্রয়োগ করে মুসলমানদেরকে নির্যাতন করে আসছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ববাসী ইসরায়েলিদের জুলুম-নির্যাতন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসতে হবে। অন্যথায় ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষা করা সম্ভব হবে না। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।

এমনটি না হলে বিশ্বমুসলিমকে ‘মুসলিম জাতিসংঘ’ গঠন করে জালেমদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইসরাইল ও গাজার মধ্যে চলা ১১ দিনের সহিংসতার অবসান হয়েছে। এই সহিংসতায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন শিশু। এছাড়াও আহত হয়েছেন ১ হাজার ৯০০ জন। অন্যদিকে ১২জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর