কক্সবাজারের টেকনাফে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ মে) করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি জানান, টেকনাফ একটি সীমান্ত শহর ও রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকা। কাজের প্রয়োজনে এখানে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া গত কয়েকদিনে টেকনাফে করোনা শনাক্তের হার বেড়েছে। তাই সব মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফে ১০ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৩০মে পর্যন্ত টেকনাফ থেকে কেউ বাইরে যেতে পারবেন না এবং কেউ উপজেলায় প্রবেশও করতে পারবেন না। সেই সাথে ওষুধের দোকান ও হাসপাতাল ছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে, চিকিৎসার কাজে নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।
এদিকে, উখিয়া উপজেলার ৫টি রোহিঙ্গা ক্যাম্পও লকডাউনের আওতায় থাকবে।
বার্তাবাজার/ই.এইচ.এম