ভারতকে পিছনে ফেলে মাথাপিছু আয়ে এগিয়ে বাংলাদেশ

প্রতিবেশি দেশ ভারতের মাথাপিছু আয়ের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ এখন বেশি। বাংলাদেশ পরিসংখ্যাব ব্যুরো ও ভারতের সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজ সার্ভিস থেকে পাওয়া উপাত্তের ভিত্তিতে এই তথ্য জানা যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে, ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ২২৭ ডলার। অন্যদিকে এক্সপ্রেস নিউজ সার্ভিসের সবশেষ হিসাবে তাদের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার।

এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ড. জায়েদ বখত বলেন, দুটি কারণে দেশে মাথাপিছু আয় বেড়েছে। একটি কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরেকটি হচ্ছে ডলারের মূল্য স্থিতিশীল রয়েছে, তাই ডলারের হিসাবে জাতীয় আয় বেড়েছে।

ভারতের প্রথম সাড়ির এক অর্থনীতিবিদ পরিচয় গোপন রাখার শর্তে এক্সপ্রেস নিউজ সার্ভিসকে বলেন, বাংলাদেশের শ্রমঘন রপ্তানি খাত রয়েছে। যদিও রপ্তানি খাতের প্রতিযোগিতায় বাংলাদেশ ভারতের সঙ্গে পারবে না। করোনার প্রভাব কমে এলেই ভারতের রপ্তানি প্রবৃদ্ধি অনেক বাড়বে। ভারতের অর্থনীতিতে কিছু অনর্থক নীতি থাকলেও সমস্যা কেটে যাবে বলে আশা করেন তিনি।

এদিকে কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব তুলে ধরে জানান, গতবছরের তুলনায় চলতি অর্থ বছরে দেশের মাথপিছু আয় বেড়েছে ৯ শতাংশ। গত বছর মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর