ইসরায়েলি হামলা: ৭৫ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা গড়িয়েছে একাদশতম দিনে। কেবল হামাস নিয়ন্ত্রিত এই অঞ্চলটিতেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। আর গৃহহীন হয়েছেন ৭৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক।

বৃহস্পতিবার জাতিসংঘ কার্যালয়ের মানবাধিকার বিষয়ক সমন্বয় মুখপাত্র জেনস লেয়ার্ক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, সার্বিকভাবে গাজার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। সহিংসতায় অংশ নেয়া সকল পক্ষের উচিত চূড়ান্ত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে মানবিক বিরতিতে রাজি হওয়া।

ওসিএইচএ জানিয়েছে, গত ১০ই মে থেকে এখন অবধি গাজা উপত্যকায় ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৪৭ হাজার মানুষ নিজেদের নিরাপত্তা দাবি করেছে। তারা বর্তমানে গাজায় জাতিসংঘ নিয়ন্ত্রিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছে।

এদিকে, গাজায় ফিলিস্তিন সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সেখানে ৩২২ মিলিয়নের বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৮৪টি আবাসিক ভবন, বাড়ি এবং ৩৩টি মিডিয়া সেন্টার। যেগুলোর মূল্য প্রায় ৯২ মিলিয়ন ডলার।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকেই পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে ইসরায়েল। যেখানে প্রধান তিন ধর্মের পবিত্রস্থান আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে তারা পুরো শহরটিকে অবরুদ্ধ করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনওই স্বীকৃত দেয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর