করোনাকালে স্বাস্থ্যবিধি না মানা ও রোগীর স্বজনদের সাথে অশোভন আচরণ করায় বিতর্কিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হালিমা বেগমকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল রহমান মূসা। তিনি জানান, বিকালে ইমেইলে এমন একটি বার্তা পেয়েছি। তাকে বদলি করা হয়েছে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা যায়, স্বাস্থ্যবিধি না মেনে দায়িত্ব পালন করা ও রোগীদের স্বজনদের সাথে খারাপ আচরণ করায় এর আগে হালিমা বেগমকে শোকজ করা হয়। সন্তোষোজনক জবাব না পেয়ে তাকে বলদির আদেশ দেন সিলেটের সিভিল সার্জন।
হালিমা বেগমের অশোভন ও স্বেচ্ছাচারী আচরণ নিয়ে এর আগেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরদিনই তাকে বদলির আদেশ দেওয়া হয়। তবে বিশ্বনাথে ওই নার্সের বদলির খবরে অনেকের কাছে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি চলছে আলোচনা ও সমালোচনা।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত ওই শোকজ কপিতে স্থানীয় সাংবাদিক এবং ভর্তি রোগীর লোকজনের সঙ্গে অসদাচরণমূলক উক্তি ও খারাপ আচরণের ব্যাপারে কৈফিয়ত তলব করা হলেও, করোনা মহামারির এ সময়ে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করে দায়িত্ব পালন করার প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হালিমা বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলে এড়িয়ে যান।
বার্তা বাজার/এসজে