সাতকানিয়ায় গৃহবধুকে শ্লীলতাহানী: দুই আসামি গ্রেফতার

সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে এক গৃহবধুর শ্লীলতাহানী, হত্যার চেষ্টা ও বসতঘর ভাংচুরের মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য এওচিয়া শীলপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার মৃত বাদল শীলের ছেলে সুমন শীল (৩২) ও সুনীল শীলের ছেলে রকি শীল (২২)।

থানা পুলিশ জানান, উপজেলার এওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম এওচিয়া শীলপাড়ার রতন শীলের সাথে একই এলাকার সুমন শীল ও তার গংদের মধ্যে ২০১২সাল থেকে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আবারও ঝগড়ায় চলতি বছরের ২৮ এপ্রিল রতন শীলের স্ত্রী ডেইজি রানী শীল (৩১) এর শ্লীলতাহানী, হত্যার চেষ্টা ও বসতঘরে ভাংচুর ও লুটপাট চালায় সুমন শীলের নেতৃত্বে তার গংরা। এ ঘটনায় বিগত ৭ মে ডেইজি রানী শীল বাদী হয়ে সুমন শীলসহ তার কয়েকজন গংদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র মিত্র গত বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুমন ও রকি শীলকে গ্রেফতার করে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

সুমন শাহ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর