কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফার বিরুদ্ধে ঈদ উপলক্ষে কর্মহীন মানুষের জন্য সরকারের দেওয়া জেনারেল রিলিফ (জিআর) এর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে টাকা বিতরণে অনিয়মের সত্যতা পাওয়ায় নতুন করে জিআর এর টাকা বিতরণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে নয়ারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হানিফা দাবি করেন, ঈদের আগেই তিনি জিআর ক্যাশ বিতরণ করেছেন।
জানা গেছে, কর্মহীন মানুষের জন্য সরকারের দেওয়া জিআর ক্যাশ ঈদের আগেই বিতরণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ৬২৫ মানুষের জন্য বরাদ্দকৃত টাকা মাস্টাররোল অনুযায়ী বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে গত ১২ মে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন ওই ইউনিয়নের ১১ বাসিন্দা। অভিযোগ পত্রে তারা দাবি করেন, জেনারেল রিলিফের বরাদ্দের টাকা আত্মসাত করেছে নয়ারহাট ইউনিয়ন পরিষদ। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন অভিযোগকারীরা।
গত ৫ মে চুড়ান্ত হওয়া ২ নং নয়ারহাট ইউনিয়ন পরিষদের জিআর বরাদ্দের মাস্টার রোলের তালিকায় ক্রমিক নং ২ ও ৩ এ রয়েছেন রিপন ও মর্জিনা। তারা দুজনেই স্বামী স্ত্রী এবং নয়ারহাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের রমনা মিস্ত্রীপাড়া গ্রামের বাসীন্দা। তিনি মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, তালিকায় আমার ও আমার স্ত্রীর নাম থাকলেও কোন টাকা পাইনি আমরা। তবে ঈদের আগে মোবাইলে ম্যাসেজ এসেছিলো বলেও জনান তিনি।এছাড়াও তালিকায় ১১ নং ক্রমিক নম্বরে থাকা ১ নং ওয়ার্ডের বাসীন্দা আয়শা বেগম, ৬১৭ নং ক্রমিক নম্বরে থাকা আবুল হোসেনের সহ একাধিক ব্যক্তি টাকা না পাওয়ার বিষয়টি স্বীকার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের প্রেক্ষিতে নয়ারহাট ইউনিয়নে সরেজমিন তদন্তে যায় জেলা প্রশাসনের তদন্ত দল। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) জিলুফা সুলতানা এবং জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আব্দুল হাই সরকার ঘটনাস্থলে গিয়ে জিআর বিতরণে অনিয়মের অভিযোগের সত্যতা পান। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে পুনরায় জিআর ক্যাশ বিতরণের নির্দেশ দেন জেলা প্রশাসক। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ মে) নতুন করে জিআর ক্যাশ বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান।
নয়ারহাট ইউনিয়ন পরিষদের সচিব শফিকুর রহমান বলেন, জিআর এর জন্য বরাদ্দকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা ঈদের আগে ৬২৫ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
ঈদের আগে জিআর ক্যাশ বিতরণ হয়ে থাকলে নতুন করে কোন টাকা বিতরণ হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ইউপি সচিব বলেন, জেলা প্রশাসনের নির্দেশে আবারও বিতরণ হচ্ছে।
এই টাকার উৎস কী, জানতে চাইলে ইউপি সচিব বার্তাবাজারকে বলেন, ‘ আমি ঠিক জানি না, সম্ভবত চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে বিতরণ হচ্ছে। আপনি চেয়ারম্যানের সাথে কথা বলুন।’
জানতে চাইলে চেয়ারম্যান আবু হানিফা বার্তাবাজারকে বলেন, ঈদের আগের দিন জিআর এর বরাদ্দকৃত ২ লক্ষ্য ৫০ হাজার টাকা ৬২৫ জনের মাঝে বিতরণ করা হয়েছে। এরপর একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। তারপর আমাকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নতুন করে বিতরণের জন্য নির্দেশনা দেন। আজকের (বৃহস্পতিবার) মধ্যে সম্পূর্ণ অর্থ বিতরণ করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ঈদের আগে করা তালিকায় বিতরণে অনিয়মের অভিযোগ উঠলে আমরা বিষয়টি তদন্ত করি। তদন্তে তালিকায় নাম থাকা কিছু মানুষ টাকা পাননি বলে সত্যতা পাওয়া যায়। এজন্য নতুন করে জিআর ক্যাশ বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে যা বৃহস্পতিবারের মধ্যে বিতরণ শেষ করতে বলা হয়েছে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/ভিএস