হত্যার পর সাবেক এমপি আউয়ালকে কিলার সুমন জানায় ‘স্যার, ফিনিশড’

সম্প্রতি রাজধানীর পল্লবীতে যুবলীগ কর্মী সুমন ও তার সঙ্গীদের হাতে সন্তানের সামনে নির্মমভাবে খুন হন সাহিনুদ্দিন নামে এক ব্যক্তি। ইতোমধ্যে সাহিনুদ্দিনকে কোপানোর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই হত্যাকান্ডের সাথে সাবেক এমপি এম এ আউয়ালের জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‍্যাব।

হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় রাজধানীর কলাবাগানের অফিসে বসে। সাহিনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সুমন ফোন করেন এম এ আউয়ালকে। জানায়, ‘স্যার ফিনিশড’।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এক বিঘার বেশি পরিমাণ জমি কেনার চেষ্টার করছিল সাবেক এমপি আউয়ালের ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘হ্যাভিলি প্রপার্টি’। নিহত সাহিনুদ্দিন ও তার স্বজনরা এই জমির মালিক। কম টাকায় জমি কিনতে না পারায় সাহিনকে হত্যা করা হয়।

র‍্যাবের এই কমান্ডার জানান, ১৬ মে দুপুরে নিজ সন্তানের সামনে সাহিনুদ্দিনকে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় যাদের সম্পৃক্ততা ছিল র‌্যাব তাদেরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। ১৯ মে চাঁদপুর থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। ২০ মে রাতে হত্যাকাণ্ডের ঘটনার মূলপরিকল্পনাকারী এম এ আউয়ালকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পটুয়াখালীর বাউফল থেকে ১৯ নম্বর আসামি জহিরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে র‌্যাবের আরেকটি দল। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, হত্যার ঘটনার চার পাঁচদিন আগে এম এ আউয়ালের কলাবাগানের অফিসে মোহাম্মদ তাহের ও সুমন এই হত্যার পরিকল্পনা করে। মাঠ পর্যায়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সুমনকে দায়িত্ব দেয়া হয়। এরপর সুমন সক্রিয়ভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে। এসময় বেশ কয়েকজন কিলিং মিশনে জড়িত ছিল।

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুমন, বাবুসহ কয়েকজন একটা মিটিং করে। এরপর ঘটনার দিন তারা সাহিনুদ্দিনকে ঘটনাস্থলে ডেকে নেয়। এসময় সাহিনুদ্দিন তার সন্তান মাশরাফিকে নিয়ে সেখানে যায়। মীমাংসার কথা বলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসী সুমন, মানিক, হাসান, ইকবালসহ ১০/১২ জন সাহিনুদ্দিনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

র‌্যাবের গণমাধ্যম শাখার এই কর্মকর্তা বলেন, প্রথম ধারোলো অস্ত্র দিয়ে কোপ দেয় সুমন। এরপর মানিকসহ বাকিরা কোপাতে থাকে। মনির হাটু এবং মানিক উপর্যুপরি সাহিনুদ্দিনকে কুপিয়ে জখম করতে থাকে। এসময় বাবুসহ অনেকে গুরুত্বপূর্ণ আসামি বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে পাহারা দিতে থাকে। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো ঘটনাটি শেষ হয়। ঘটনা শেষে সুমনসহ বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় সুমন এক নম্বর আসামি আউয়লকে মোবাইলে জানায় ‘স্যার ফিনিশড’।

হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকার বাইরে বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। ১৭ মে মামলার ১৩ নম্বর আসামি দিপুকে র‌্যাব-৪ গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করে। গ্রেপ্তার মূল আসামি এম এ আউয়াল একজন জমি ব্যবসায়ী। তার ছত্রছায়ায় সুমন জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম ও এলাকায় প্রভাব বিস্তার করত এবং প্রতিমাসে মাসোহারা বাবদ ১০-১২ হাজার টাকা নিত। তাছাড়া বিভিন্ন কাজেও টাক নিত। এই সন্ত্রাসী দল রিকশা টোকেন বাণিজ্য, মাদক, জুয়াসহ অন্যান্য অপরাধ কার্যক্রমে জড়িত ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল ২০১৪ সালের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে দলের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন। ২০১৮ সালের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কৃত হন তিনি। পরের বছরই ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে একটি দল গঠন করে সেটার চেয়ারম্যান হয়ে যান তিনি নিজেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর