আলফাডাঙ্গায় আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় ৩ পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলার পলাতক থাকা আসামীদের মধ্যে তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- মামলার এজাহারভুক্ত আসামি জাকির শেখ, টিটুল শেখ ও ওবায়দুর শেখ। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীররাতে এসআই উত্তম কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তাবাজারকে বলেন, ‘এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল উপজেলার গোপালপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবরের নেতৃত্বে ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফির বসতবাড়িতে প্রবেশ করে শফিসহ পরিবারের চার সদস্যকে মারপিট করে রক্তাক্ত জখম করে এবং অভিযুক্তরা তাদের বসতঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে এ ঘটনার পরের দিন আ’লীগ নেতা শফি ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়। মামলা নং-৬। মামলা হওয়ার পর থেকে আসামীরা পলাতক রয়েছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর