পুলিশের কর্তব্য কাজে বাধা: আ’লীগ নেতাসহ ৩৯ জনের নামে মামলায় গ্রেফতার ১৭
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও আ’লীগ নেতাসহ ৩৯ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ইউপি সদস্যসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বুধবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় এ মামলাটি করেন।
মামলায় আসামীরা হলো- উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল, ইউনিয়ন আ’লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর, ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সোহেল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখ প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৯ মে) সকাল সাড়ে ৮টায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া-জয়পাশাগামী পাকা রাস্তার ওপর রোহান স্টোর নামক মুদি দোকানের সামনে স্থানীয় দুই গ্রুপের ১০০-১২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে এক গ্রুপের নেতৃত্ব দেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল ও অপর গ্রুপের নেতৃত্ব দেন একই ইউনিয়নের আ’লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় বে-আইনি জনতাবদ্ধে সরকারি কর্তব্য কাজে বাঁধা প্রদান পূর্বক স্বেচ্ছায় আঘাত করে সাধারণ, গুরুতর জখম ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে ক্ষতিসাধণ করার অপরাধে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বাদি হয়ে বুধবার রাত সাড়ে ১১টায় বোয়ালমারী থানায় (১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪) পেনাল কোড ধারায় ৩৯ জনকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বার্তাবাজারকে বলেন, ‘সরকারি কর্তব্য কাজে বাঁধা প্রদানের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস