মানিকগঞ্জের সিংগাইরে একটি বাড়ীর পাশ থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মে) দিনগত রাত ১২ টার দিকে পৌর এলাকার বকচর নতুন বাজার মিস্ত্রী পাড়ার রাজু মিয়ার ছেলে জনৈক মোঃ রিয়াজ উদ্দিন এর বাড়ীর পাশের রাস্তায় একটি ১ দিন বয়সের মেয়ে শিশু বাচ্চা পাওয়া যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মোহাঃ রেজাউল হক, থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা এবং ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কন্যা শিশুটি উদ্ধার পূর্বক সমাজ সেবা অফিসারকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
উদ্ধারকারী রিয়াজ উদ্দিন নবজাতক কন্যা শিশুটির ভরণ-পোষণসহ সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী হলে, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সিংগাইর উপজেলা সমাজ-সেবা অফিসারের মাধ্যমে নবজাতক শিশুটিকে রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার মোর্শেদা দম্পত্তির নিকট হস্তান্তর করেন।
এসময় সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মোহাঃ রেজাউল হক নবজাতক শিশুটির ভরণ-পোষণের জন্য আর্থিক সহযোগিতা করেন। প্রতিমাসে তিনি নবজাতক শিশুর ভরণ-পোষণসহ আনুষঙ্গিক খরচ বাবদ ১০০০/- টাকা প্রদানের প্রতিশ্রুতিও দেন।
মিলন মাহমুদ/বার্তাবাজার/ই.এইচ.এম