হামাসের সাথে জার্মানির আলোচনা, ইসরায়েল যুদ্ধ থামাবে না
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে আলোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে তারা পরোক্ষভাবে আলোচনা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বৃহস্পতিবার (২০ মে) এক খবরে বলা হয়, জার্মানির বার্লিনে ইউরোপীয় ফোরামে মর্কেল বলেছেনর হামাসের সঙ্গে অবশ্যই আমাদের পরোক্ষ আলোচনা চলছে। হামাস এ যুদ্ধে জড়িত, তাই হামাসের সঙ্গে আলোচনা ছাড়া তাদের (ইসরাইল-ফিলিস্তিন) যুদ্ধবিরতি সম্ভব নয়।
এদিকে চলমান অবস্থা বন্ধ করে দুই-একদিনের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে আশা প্রকাশ করেছেন হামাসের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
এর আগে হামাসের রাজনৈতিক কর্মকর্তা লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, আশা করছি দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে আর যুদ্ধবিরতি হবে পারস্পারিক সম্মতিতে। আমার ধারণা যুদ্ধবিরতি নিয়ে চলমান উদ্যোগ সফল হবে।
তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের চাপের মুখেও ফিলিস্তিনে চলমান হামলা চালিয়ে যাবে বলে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দেশের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বার্তা বাজার/এসজে