রপ্তানি বৃদ্ধিতে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম শুরু: শিল্পমন্ত্রী

রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিএসটিআই’র মাধ্যমে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিএসটিআই’র সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ল্যাবের আধুনিকায়ন ও মাঠ পর্যায়ে বিএসটিআই’র কার্যক্রম সম্প্রসারণসহ উন্নয়নমূলক কার্যক্রম গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, করোনা মহামারি ক্ষতি কাটিয়ে অর্থনৈতিক উন্নয়নের ধারা বেগবান করতে পরিবেশবান্ধব ও গুণগত মানসম্পন্ন শিল্পায়ন জরুরি। জাতীয় মান প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে এই গুরুদায়িত্ব বিএসটিআই-এর ওপর বর্তায়। সকল ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপক যন্ত্রের পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে বিএসটিআই’র কার্যক্রম জোরদার করতে হবে।

বৃহস্পতিবার (২০) মে বাংলাদেশ স্ট্যান্ডাডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষ্যে ‘শিল্পোন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা: পণ্য ও স্বাস্থ্য সেবায় পরিমাপের গুরুত্ব’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক ড. মোঃ নজরুল আনোয়ার এবং পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী শামীমা আরা বেগম।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃণমূল পর্যায়ে শিল্পায়নের ধারা অব্যাহত রেখে টেকসই ও সুষম অর্থনৈতিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ শিল্পায়নসহ সকল ক্ষেত্রে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের অঙ্গীকার। এ অঙ্গীকার পূরণে সরকার জনগণের জীবন-মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে পণ্য ও সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের শিল্প উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে। তিনি শিল্প পণ্য উৎপাদনসহ ক্রয় বিক্রয়ের সকল ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করাতে ভোক্তা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিএসটিআই এর প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে জিডিপিতে শিল্পখাতের প্রবৃদ্ধির হার দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশ আজ শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত,  উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপে কারচুপিরোধে বিগত ১০ মাসে (জুলাই ২০২০-এপ্রিল ২০২১) মোট ৮৯০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ হাজার ৪৮৯টি মামলা দায়ের এবং ৬ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময়ে ১ হাজার ৫০৪টি সার্ভিল্যান্স পরিচালনার মাধ্যমে ৫০৯টি মামলা দায়ের করা হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর