ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করে যাচ্ছেন ফুটবলার ও ক্রিকেটাররা। বিশ্বের অন্যান্য তারকাদের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও প্রতিবাদ করছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকেই ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন। এবার এ তালিকায় নাম লেখালেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে জামাল ভূঁইয়া ফিলিস্তিনের মানুষের ওপর করা নির্যাতনের একটি ছবি পোস্ট করে লিখেন, ফিলিস্তিনকে মুক্ত করো, অনেক হয়েছে।
জামাল যে ছবিটি আপলোড দিয়েছেন তাতে লেখা, তাদের সাহায্যের জন্য আরও হাত প্রয়োজন, দোয়া করার জন্য তাদের আরও হাত প্রয়োজন।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৩ শিশু রয়েছে। এছাড়াও প্রায় দেড় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।
বার্তাবাজার/নব