ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি এবং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিল নেতানিয়াহুকে পরাজিত বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
বেশ কয়েকদিন ধরেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছুঁড়েছে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন।
হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক বলেন, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছেন এবং হামাস বিজয় ঘোষণা করছে। এ খবর দিয়েছে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল।
তিনি বলেন, আগামী দু-এক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা জবাবের মুখে আমেরিকা হামলা কমানোর জন্য ইসরায়েলি নেতাদের ওপর চাপ সৃষ্টি করেছেন।
এর আগে বুধবার (১৯ মে) সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলবিরোধী নিন্দা প্রস্তাব পাসে বাধা দিয়েছে আমেরিকা
মুসা আবু মারজুক বলেন, হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকার অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে।
নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, প্রতিরোধ আন্দোলনগুলো গাজা থেকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চার হাজার রকেট ছুঁড়েছে।
বার্তাবাজার/নব