ফ্রেঞ্চ কাপের ফাইনালে বুধবার রাতে এএস মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। যদিও সেরা দল নিয়ে মাঠে নামতে পারেনি পিএসজি।
চোট ও নিষেধাজ্ঞার কারণে ফাইনালে সেরা দল নিয়ে নামতে পারেনি পিএসজি। কার্ডের কারণে এই ম্যাচে ছিলেন না দলটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমারের অনুপস্থিতির ছাপ ছিল স্পষ্ট। তবে গোল করতে সমস্যা হয়নি পিএসজির।
কিলিয়ান এমবাপের ম্যাজিকে শিরোপা জিতেছে পিএসজি। মৌসুমের শুরু থেকেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন এমবাপে। ফাইনালেও তা ছিল লক্ষ্যনীয়।
ম্যাচের ১৯ মিনিটে এমবাপের সহায়তায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন মাউরো ইকার্দি। এর ফলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার সহায়তায় প্রতিপক্ষের জাল কাঁপান এমবাপে।
শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলে পিএসজি। সবমিলিয়ে এই টুর্নামেন্টে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।
বার্তাবাজার/নব