মাদক বিক্রয়ে নিষেধ করায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
পাবনার সুজানগর উপজেলার উলাট গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় আহত পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আমিরুল হক রেন্টু উলাট দক্ষিণ পাড়ার আব্দুস শুকুরের ছেলে।
আহত রেন্টুর ছেলে সজল মোল্লা ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জেলার সুজানগর উপজেলার উলাট মাদরাসার মাঠসহ ওই গ্রামের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছেন উলাট গ্রামের দক্ষিনপাড়া এলাকার সিদ্দিক আলীর ছেলে মো: কাদের, মৃত কুবাদ আলী শেখের ছেলেন মন্টু শেখ ওরফে বাউল মন্টু ও মঞ্জু শেখ ছুটুসহ কতিপয় উশৃঙ্খল যুবক। তাদের এই অপকর্মের বাধা দেওয়া এবং এলাকায় ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় ক্ষুব্ধ হন মাদক বিক্রেতারা।
বুধবার রাতে মাদক বিক্রেতারা উলাট মাদরাসা মাঠে ইয়াবা বিক্রির সময় তাদের নিষেধ করলে রেন্টুর উপর তারা চড়াও হন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে স্কুল ঘরের পাশ থেকে দৌড়ে এসে কাদের, মন্টু ও মঞ্জু মিলে অবসারপ্রাপ্ত পুলিশ সদস্য আমিরুল হক রেন্টুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় রেন্টুর চিৎকারে লোকজন ছুটে এলে মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা রেন্টুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলেও জানিয়েছেন তার স্বজনরা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব কোন বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মাদক কেনাবেচায় এ ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত করে জানা যাবে। তিনি বলেন, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতরা গ্রেফতার করা হবে।
মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম