ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদ দুর্নীতি মামলায় এবার যুক্ত হলো টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
পশ্চিমবঙ্গে নারদ দুর্নীতিকাণ্ডে তৃণমূলের চার হেভিওয়েট নেতার পর আসামির তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে সিবিআই।
বুধবার মামলা অন্য রাজ্যে সরাতে সিবিআইয়ের আবেদনের শুনানি হয়। অন্য রাজ্যে নারদ মামলা স্থানান্তরের আবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নামও যুক্ত করা হয়। সোমবার রাজ্যে চার হেভিওয়েট নেতা-মন্ত্রী মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেপ্তার করে সিবিআই।
এদিকে, পশ্চিমবঙ্গের নারদ দুর্নীতির মামালার শুনানি শেষ না হওয়ায় তৃণমূলের চারজন নেতা-মন্ত্রীর জামিনে স্থগিতাদেশ বহাল রয়েছে। কলকাতা হাইকোর্টে বুধবার দুপুরে শুরু হওয়া শুনানি আজও চলবে।
এর আগে, দুর্নীতির মামলায় গেল সোমবার (১৭ই মে) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক (বিধানসভার সদস্য) মদন মিত্র ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। তাদের গ্রেপ্তারের পর সিবিআই কার্যালয়ে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি তার দলের মন্ত্রী ও নেতাদের গ্রেপ্তারের বিষয়টিকে অবৈধ বলে নিজেকেও গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের ঘুষ নেয়ার একটি কেলেঙ্কারি ফাঁস হয়। তথ্য ফাঁস হওয়ার পর এই মামলার তদন্তের দায়িত্ব পায় দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। পরবর্তীতে মামলার তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই। দেশটির আইন অনুযায়ী মন্ত্রীদের বিরুদ্ধে মামলা চালাতে হলে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। অনুমতির জন্য রাজ্যপালের কাছে আবেদন করে সিবিআই। তবে, দীর্ঘদিন পর সিবিআইকে মামলা চালানো অনুমোদন দিলো রাজ্যপাল।
বার্তাবাজার/ই.এইচ.এম