ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন প্রাইভেটকার চালক মো. বিল্লাল হোসেন (৩২)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়ানো ছিলো। এসময় সিলেট অভিমুখী যাত্রীবাহী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মো. বিল্লাল হোসেন ও একজন আরোহী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। তাৎক্ষণিকভাবে আরো দুইজন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম