ভারতের প্রাচীনতম গরীবে নেওয়াজ মসজিদ গুড়িয়ে দিয়েছে যোগী সরকার
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরবাঁকি এলাকায় প্রাচীনতম গরীবে নেওয়া মসজিদটিকে গুড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এ ঘটনার পর থেকেই ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। সুন্নি ওয়াকফ বোর্ড ও অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের অনুমতিক্রমেই তারা এটি ভেঙ্গেছে।
এর মাস দুয়েক আগে প্রাচীন এই মসজিদটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার বিশাল বাহিনী নিয়ে সংশ্লিষ্টরা পুরো কাঠামোটিই ভেঙে দেয়। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই মসজিদে নামাজ পড়া হচ্ছিল।
মসজিদটির খাদেম রমজান আলী জানান, আদালতের আদেশেই কাঠামোটি ভাঙা হয়েছে বলে প্রশাসন দাবি করলেও তাদের বক্তব্য পেশ করার কোনো সুযোগই দেওয়া হয়নি।
মঙ্গলবার মসজিদটি ভেঙে ফেলার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এক বিবৃতিতে দাবি করেছে, ওই মসজিদটি নিয়ে কখনো কোনো বিতর্ক ছিল না এবং সম্পূর্ণ বেআইনিভাবে সেটি ধূলিসাৎ করা হয়েছে। ১০০ বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা সেখানে নামাজ পড়ে আসছেন – যে বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যেও কোন দ্বিমত নেই।
বার্তা বাজার/এসজে