গোপন নথি পাচার অন্যায়, রোজিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, গোপনীয় নথি পাচার অন্যায় এবং রোজিনা ইসলামের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বুধবার (১৯ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন সাংবাদিক সহায়তার দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্‌মুদ বলেন, দেশে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তথ্য কমিশন গঠিত হয়েছে। কমিশনের মাধ্যমে যে কেউ যে কোনো তথ্য সরকারের কাছে চাইতে পারেন। কমিশনের মাধ্যমে তিনি শুধু সে তথ্যই পাবেন না, যেটা নন-ডিসক্লোজার আইটেম। এক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। একইসাথে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামের মামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

সরকারের কাছ থেকে তথ্য পেতে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, না পেলে তথ্য কমিশনে আবেদন করা যায় উল্লেখ করে মন্ত্রী জানান, ২০১৪ সালে গঠিত হবার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদন নিষ্পত্তি করেছে কমিশন।

সাংবাদিকদেরকে রোজিনা ইসলামের বিষয়টি আবেগতাড়িতভাবে না দেখার অনুরোধ জানিয়ে ড. হাছান বলেন, যেহেতু একটি মামলা হয়েছে, তার যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায়বিচার পান, তার প্রতি কোনোভাবে যাতে অন্যায় না হয় সেটি আমরা দেখছি, সরকারের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী ও আমি সাংবাদিকদের মর্যাদা ও সম্মান রক্ষায় আন্তরিক ও বদ্ধপরিকর।’

মন্ত্রীগণ বাংলাদেশে দুটি শপথ গ্রহণ করেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি হচ্ছে মন্ত্রী হিসেবে শপথ, অন্যটি হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ, সে শপথ আমাকেও নিতে হয়েছে। যেহেতেু আমি রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ গ্রহণ করেছি মন্ত্রিসভায় কোনো কিছু আলোচনা
হলে সেটি বাইরে বলতে পারি না। যেটি আমাকে বলতে বলা হবে শুধু সেটুকুই বলতে পারব।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় গোপন নথি বা অন্য দেশের সাথে চুক্তি যেগুলো বাইরে প্রকাশ না করার শর্ত চুক্তিতে আছে বা সেই দেশের অনুরোধ আছে আমরা সেগুলো কখনো বাইরে প্রকাশ করতে পারি না। সেটি সংরক্ষণ করা যেকোনো মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে যে কাজগুলো বাংলাদেশে করেছেন সেটি অতুলনীয় ও অভাবনীয়। এক্ষেত্রে রোজিনা ইসলাম যাতে সুবিচার পান সেটি অবশ্যই আমরা নিশ্চিত করবো।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটু।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর